শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, "আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় নাই- এইটা একটা আন্দোলনের সাবজেক্ট হলো?"
মন্ত্রী শুক্রবার (১৭ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি জানান, ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি, যাতে প্রান্তিক মানুষেরা কষ্ট না পায়।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হয়েছে।
বর্তমান সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা। মন্ত্রী জানান, সোলার বিদ্যুৎ উৎপাদন হলে জ্বালানির আমদানি কমবে এবং অর্থ সাশ্রয় হবে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।


























