সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জ্ঞাত-অজ্ঞাত ৪৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আলমগীর (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রনতিথা গ্রামের বাবলুর ছেলে। রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে এমপির গাড়িতে হামলার ঘটনায় জামায়াত-এনসিপিকে দায়ী করে জেলা বিএনপি দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বিএনপির জেলা সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এক বিবৃতিতে হামলার জন্য জামায়াত-শিবির ও এনসিপিকে দায়ী করেছেন।
অপরদিকে জামায়াত ও এনসিপি নিজেদের দায় অস্বীকার করে পৃথক বিবৃতি দিয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে এক মতবিনিময় সভা থেকে বের হওয়ার সময় এমপি আয়নুল হকের গাড়িতে হামলা হয়। হামলায় তিনি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।























