কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করেছে। জব্দ করা জালের মোট মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। পরে মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদীতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় অবৈধ কারেন্টজাল ব্যবহার করে মাছ শিকারের খবর পেয়ে বিজিবির একটি টহল দল দেশীয় নৌকা ও স্পিডবোটযোগে নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪ হাজার ৮৪৫ কেজি চায়না জাল জব্দ করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামার রনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























