ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে ডা. রফিকুল ইসলাম বলেন, একজন চিকিৎসক, যিনি প্রতিদিন অসুস্থ মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করেন, তার কর্মস্থলের সামনে প্রকাশ্যে এ ধরনের হামলা উদ্বেগজনক। চিকিৎসকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি দেশের চিকিৎসাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
তিনি আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো দেশের সর্বোচ্চ পর্যায়ের একটি চিকিৎসা প্রতিষ্ঠানে একজন বিভাগীয় প্রধানের ওপর হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এবং নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা প্রদানকে বাধাগ্রস্ত করে।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।























