পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পরিবর্তন চেয়ে সরকারের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২০ আগস্ট) আদালতের রেজিস্ট্রারের কার্যালয় অসম্পূর্ণ কাগজপত্রের কারণে আবেদনটি ফেরত দেয়।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইমরান খানকে দুই দিনের মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ৭৩ বছর বয়সী ইমরান খানকে বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে হাসপাতালে স্থানান্তর করার কথা ছিল।
সরকার প্রথমে আদালতের আদেশ বাস্তবায়নের কথা জানিয়েছিল, তবে পরে পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আবেদন করে। আদালতের রেজিস্ট্রারের কার্যালয় আবেদনটি ফেরত দেওয়ার পর সরকার নতুন করে আবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা দাবি করেছেন, আদালতের আপত্তির পর সরকার আবেদনটি প্রত্যাহার করে নিয়েছে। তিনি বলেন, আদালতের নির্দেশ অমান্য করার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।
পিটিআই ইমরান খানকে হাসপাতালে ভর্তি না করা হলে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা না হলে সুপ্রিম কোর্ট নিজেই আদালত অবমাননার কার্যক্রম শুরু করতে পারে।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। তার চোখের সমস্যার কারণে চিকিৎসার দাবি জোরালো হয়েছে, এবং কারাবন্দী অবস্থায় যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগও রয়েছে।























