সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানানো হলেও, অনুমান করে কারও নাম প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিছু প্রাথমিক তথ্য পেয়েছেন, তবে গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে অনুমান করে কারও নাম প্রকাশ করা উচিত নয়।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্র বিষয়টি তদন্ত করবে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ আনা হলে তখনই সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ্যে আসবে।
জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক অবস্থান নিলেই অন্য কোনো অপরাধের সঙ্গে কাউকে জড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, ‘সংবেদনশীল একটি বিষয়ে শুধুমাত্র সেনসেশন তৈরির জন্য কারও নাম ছড়িয়ে দেওয়া উচিত নয়।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, তদন্তের মাধ্যমে নিশ্চিত তথ্য ও আনুষ্ঠানিক অভিযোগ সামনে না আসা পর্যন্ত অনুমান করা থেকে বিরত থাকা প্রয়োজন।





















