জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর চৈতাপাড়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মুসরিকা আক্তার মিতুর (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিতু একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সোয়ায়েব ইসলাম শুভর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের এক বছর আগে স্বজনদের সম্মতিতে বিয়ে হয়। শুভ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মিতু ও শুভ বাড়ির পাশের পুকুরে সেচ দেওয়ার কাজ করতে যান। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাগ করে মিতু বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। তার ছোট বোন চিৎকার দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।
ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, মিতুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























