কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া আরিফ মিয়া ওরফে সালমান (২১) নামের এক তরুণকে হত্যার অভিযোগে তার চার বন্ধুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নরসুন্দা নদী থেকে সালমানের মাথার খুলি, বুকের পাঁজরসহ ৭৭টি হাড় উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ড্যান্ডি সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে সালমানকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমান শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সাকিব (১৮), মাফি (১৫), রফিক (৪০) এবং রমজান মিয়া (৩৫)। সালমানের বাবা ফজলুর রহমান গত ১৬ অক্টোবর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, সালমান ১৮ মে সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পুলিশ সালমানের বন্ধুদের ফোনের কথোপকথন বিশ্লেষণ করে তাদের সংশ্লিষ্টতার তথ্য পায়।
গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধারকৃত কঙ্কালটি সালমানের বলে শনাক্ত করেছেন তার মা। তবে পরিচয় নিশ্চিত করতে কঙ্কালটির ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।























