পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বার্সেলোনা। কোচ হ্যান্সি ফ্লিক তরুণ সেন্টার-ব্যাক অ্যালেক্স ক্যাম্পোসকে প্রথমবারের মতো মূল দলে অন্তর্ভুক্ত করেছেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পিএসজির মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। রক্ষণভাগের একাধিক খেলোয়াড়ের চোটের কারণে বার্সেলোনা দুশ্চিন্তায় রয়েছে।
আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, জুলস কুন্দে ও এরিক গার্সিয়ার চোটের কারণে বিকল্প খুঁজতে হচ্ছে কোচ ফ্লিককে। এই পরিস্থিতিতে তরুণ ডিফেন্ডার ক্যাম্পোসের ওপর আস্থা রেখেছেন তিনি।
স্পেনের আইটোনা শহরে জন্ম নেওয়া ১৮ বছর বয়সী ক্যাম্পোস ২০২১ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন। তিনি বর্তমানে বার্সেলোনা অ্যাটলেতিকের হয়ে নিয়মিত পারফর্ম করছেন এবং গত শনিবার উতেবোর বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে ছিলেন।
ক্যাম্পোসের উচ্চতা ১৮৫ সেন্টিমিটার এবং তার লং পাস, বল পায়ে আত্মবিশ্বাস ও নির্ভুল পাস দেওয়ার দক্ষতা রয়েছে। চলতি মৌসুমে তিনি হেড থেকে একটি গোলও করেছেন।
আগে সিনিয়র দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন ক্যাম্পোস। ২০২৪ সালের অক্টোবরে তাকে সিনিয়র দলের অনুশীলনে ডাকেন ফ্লিক এবং ২০২৫ সালের জুলাইয়ে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেন বার্সেলোনা।
বার্সেলোনার রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে ক্যাম্পোসের সামনে ইউরোপের বড় মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ এসেছে।























