দক্ষিণ আফ্রিকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মারুফ বেপারি (৪৩) নামে এক প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় প্রবাসীদের দাবি, স্থানীয় চাঁদাবাজদের দাবি করা চাঁদা পরিশোধ না করায় তাকে হত্যা করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে মারুফের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মারুফ বেপারি ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা এলাকার প্রয়াত আব্দুস সোবহান বেপারির ছেলে এবং তিনি তিন সন্তানের জনক। প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন তিনি।
স্থানীয় প্রবাসীদের অভিযোগ, কেপটাউনের বুস্টার এলাকায় ব্যবসা করার জন্য একটি সশস্ত্র গোষ্ঠী মারুফের কাছে প্রতি মাসে ৫০০ দক্ষিণ আফ্রিকান র্যান্ড চাঁদা দাবি করত। নিহতের ভাতিজা কামরুজ্জামান বেপারি জানান, মারুফের দোকান গত তিন মাসের মধ্যে দুই মাস বন্ধ ছিল, তাই তিনি শুধু এক মাসের চাঁদা দিতে চান। কিন্তু চাঁদাবাজরা তিন মাসের চাদাই দাবি করে।
ঘটনার সময় দুর্বৃত্তরা মারুফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। বর্তমানে মারুফের মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।
সিড্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আকন বলেন, “প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, তারা বিষয়টি জানেন এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।























