রাজশাহীর চারঘাটের নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক সোহেলী আক্তারকে শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কলেজ গভর্নিং বডির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শনিবার (১৫ আগস্ট) সোহেলী আক্তার তার ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এবং ক্যাপশনে ‘বিনম্র শ্রদ্ধা’ লেখা ছিল। পরদিন রোববার (১৬ আগস্ট) তিনি কলেজে গিয়ে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন। এর পরদিনই গভর্নিং বডির সভায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, “সোহেলী আক্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না।”
কলেজ গভর্নিং বডির সভাপতি সাইফুল ইসলাম জানান, “আমরা সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করেছি।” তবে বরখাস্তের আগে সোহেলী আক্তারকে শোকজ করা হয়নি বলে তিনি স্বীকার করেন।
এদিকে, সোহেলী আক্তার দাবি করেছেন, তিনি বরখাস্তের বিষয়ে জানেন না এবং তার বিরুদ্ধে অভিযোগের বিষয়েও অবগত নন। গভর্নিং বডির সভাপতি জানিয়েছেন, শোকজ ছাড়া সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা যাচাই করা হবে।


























