কলকাতার ‘শিখা ইন’ হোটেলে এসি বিস্ফোরণের কারণে আগুন লেগে ৭ বাংলাদেশি নিহত হওয়ার পর তাদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করেছে এবং হোটেলের ম্যানেজার ও এক স্টাফকে জিজ্ঞাসাবাদ করছে। নিহতদের ময়নাতদন্ত গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, মৃত দেবাশীষ দত্তের পরিবারের একজন সদস্য কলকাতায় এসেছেন। আশা করা হচ্ছে, আজ শুক্রবার তাদের পরিবারের ৪ জনের মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। তবে অন্যান্য নিহতদের পরিবারের সদস্যরা এখনও আসতে পারেননি, যার কারণে তাদের মরদেহ ফেরানোর প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে।
কলকাতা পুলিশ জানিয়েছে, হোটেলের তিনতলার রিসেপশনে থাকা এসির কিছু অংশ ফুলে গিয়েছিল এবং সেখানে বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে। পরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে, যার ফলে ৭ বাংলাদেশি সহ ৯ অতিথি মারা যান।
এদিকে, নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের কেজি শ্রেণির ছাত্রী মহিমার (৭) পাশে দাঁড়িয়েছে তার স্কুল কর্তৃপক্ষ। স্কুলের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল গতকাল দেবাশীষের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মহিমাকে বিনা খরচে পড়াশোনা করানোর দায়িত্ব নেন।
দেবাশীষের পরিবারের সদস্যরা মরদেহ দেশে আসার অপেক্ষায় রয়েছেন। কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজা বুধবার রাতে পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানান। দেবাশীষের মা স্বপ্না দত্ত ও বাবা দিলিপ দত্ত শোকের মধ্যে রয়েছেন।























