জয়পুরহাটের কালাই উপজেলায় বাড়ির আঙিনায় প্রায় পাঁচ মাস ধরে গাঁজা গাছ পরিচর্যার অভিযোগে হারেজ মণ্ডল (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট উচ্চতার ওই গাছসহ তাকে আটক করা হয়। গ্রেপ্তার হারেজ মণ্ডল ওই গ্রামের মৃত জলিল মণ্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল হারেজ মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির গোসলখানার পাশ থেকে প্রায় ১২ ফুট উচ্চতা ও ৪ কেজি ওজনের গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় পাঁচ মাস আগে হারেজ মণ্ডল বাড়ির আঙিনায় গাছটি লাগান। গাছটি বড় হতে থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। কয়েকজন বাসিন্দা তাকে গাছটি সরিয়ে ফেলার জন্য বললেও তিনি তা করেননি বলে অভিযোগ রয়েছে।
এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’


























