চট্টগ্রাম-১৫ আসনের এমপি ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন, তার ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার বাসিন্দা আমির হোসেন দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন মো. আরিফ উদ্দিন, শওকত আলী, মো. আদিল, মো. আনোয়ার ও জয়নাল আবেদীন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৬-০৭ সালের দিকে বাদী আমির হোসেন লোহাগাড়ায় জায়গা কিনে চারতলা ভবন নির্মাণ করেন। সেখানে একটি আলমারির দোকানসহ অন্যান্য অংশ ভাড়া দেওয়া হয়। বাদীর অভিযোগ, আরমান উদ্দিনের নেতৃত্বে আসামিরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ঘর ও মার্কেট দখলে নেওয়ার হুমকি দেওয়া হয়।
বাদী জানান, গত ৩ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে আরমান উদ্দিন মোবাইল ফোনে ফের ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ঘর দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়। পরে আসামিরা বাদীর দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন। মামলায় মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা উল্লেখ করা হয়েছে।
বাদী অভিযোগ করেন, আসামিরা ভবনের ওপরের তলার ভাড়াটিয়াদের কাছে গিয়ে ভবিষ্যতে তাদের কাছেই বাসা ভাড়া দেওয়ার নির্দেশ দেন। ঘটনার সময় বাদী দেশের বাইরে ছিলেন এবং দেশে ফিরে অভিযুক্তদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের সময় ফের ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাদী জানান, আসামিরা তাকে হত্যার হুমকি দিয়েছেন।
বাদী লোহাগাড়া থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। অভিযোগের বিষয়ে আরমান উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, চিঠি পাওয়ার পর অভিযোগগুলো তদন্ত করা হবে।























