নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে ১৮ মাস বয়সী ফাইজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মিজমিজি তারা মার্কেটের জুয়েল রোডের ‘ভাই ভাই ফার্নিচার’ দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা ওই এলাকার গার্মেন্টসকর্মী ফরহাদ মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ মিয়া প্রতিদিনের মতো মঙ্গলবারও তার মেয়েকে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যান। একপর্যায়ে দোকানের কর্মচারীরা ফরহাদ মিয়াকে ডাকলে তিনি তাদের কাছে যান। এ সময় ফাইজা হামাগুঁড়ি দিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করে দোকানে রাখা একটি ভারী ফার্নিচার উল্টে শিশুটির ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা ফরহাদ মিয়া বলেন, “প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে দোকানে গিয়েছিলাম। কর্মচারীরা ডাকলে তাদের কাছে যাই। মেয়েটি আমার কাছে আসার জন্য হামাগুঁড়ি দিচ্ছিল। তখনই ফার্নিচারটি তার ওপর পড়ে। চোখের সামনে আমার মেয়েটা শেষ হয়ে গেল।”
স্থানীয়দের অভিযোগ, দোকানের ভেতরে ভারী ফার্নিচার ও মালামাল অসাবধানভাবে রাখার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























