কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) সকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন টেকনাফের কুলালপাড়ার মো. জামাল হোসেন (৩৮), সাবরাং নোয়াপাড়ার মো. এমরান (২৫) এবং একই এলাকার মো. ইসমাইল (২৪)।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে সাবরাং সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায়। বিকেল ৩টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল নাফ নদীর সাবরাং-সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির নৌ-টহল দল সন্দেহজনকভাবে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলেও তারা পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে নৌকায় থাকা তিনজনকে আটক করে এবং নদীতে ফেলে দেওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে।
বস্তা খুলে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৭০ লাখ টাকা। লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি সতর্ক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। আটক তিনজন ও জব্দ ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























