বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (চন্দন কুমার ধর) আরও দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ছিলেন। তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা দায়ের করা হয়।
হাইকোর্ট এ দুই মামলায় রুল মঞ্জুর করে জামিন দিয়েছেন। তবে আইনজীবীরা জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।
২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।























