হাইকোর্ট অবসরপ্রাপ্ত ১৪৭ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের বকেয়া আনুতোষিক ও নিয়মিত উৎসব ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালত নির্দেশ দিয়েছে, রায় পাওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বকেয়া আনুতোষিক ও উৎসব ভাতা প্রদান করতে হবে। তবে, আনুতোষিকের বকেয়া অর্থ যাচাই-বাছাই করে পরিশোধ করতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া আনুতোষিক ও উৎসব ভাতা না পাওয়ার কারণে অবসরপ্রাপ্ত ইউপি সচিবরা রিটটি দায়ের করেছিলেন।
২০২২ সালে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন পরিষদের মো. ইউসুফ ভূঁইয়াসহ ১৪৭ জন সচিব এ রিট করেন। আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে এবং পরে রায় দেয়। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব শুনানি করেন।
আইনজীবী হুমায়ন কবির জানান, অবসর গ্রহণের সময় সরকারি নিয়ম অনুযায়ী গ্রস পেনশনের ৫০ শতাংশ সমর্পণ করে সচিবরা আনুতোষিক পেয়েছিলেন। তবে বাকি ৫০ শতাংশ সমর্পণ করার পরও তারা আনুতোষিক পাননি। আদালত তাদের সার্ভিস রেকর্ড যাচাই-বাছাই সাপেক্ষে প্রাপ্য গ্রস পেনশনের ৭৫ শতাংশ আনুতোষিক ও নিয়মিত উৎসব ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে।
রিট আবেদনকারীপক্ষ জানায়, ২০১১ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকুরি বিধিমালা অনুযায়ী ইউপি সচিবরা সরকারের নিজস্ব কর্মচারী। বিধিমালা অনুযায়ী তাদের আনুতোষিক ও উৎসব ভাতা প্রদানের বিধান রয়েছে, যা প্রদান না করা আইনসঙ্গত নয়।























