সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকার আগে থেকে কিছু জানত না। গত শুক্রবার গণমাধ্যমে খবর প্রকাশের পর ঢাকা এ বিষয়ে অবগত হয়। এরপর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিস্তারিত তথ্য জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।
জানা গেছে, সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। তাদের বিরুদ্ধে মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় এবং শরিয়াহ আইনের অধীনে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পবিত্র মসজিদের নিরাপত্তা রক্ষা এবং ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তারা সতর্ক করেছে যে, পবিত্র স্থানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
এছাড়া, কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশের নাগরিক বিদেশে গ্রেপ্তার হলে আটককারী দেশকে অবিলম্বে তার দেশের কনস্যুলেটকে জানাতে হয়। তবে এ ক্ষেত্রে ওই দুই বাংলাদেশি কনস্যুলেটকে তাদের আটকের বিষয়ে জানানোর অনুরোধ করেছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়।























