নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে প্রায় একঘণ্টা অনুষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলের দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর দিকে বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি এবং জেলা কমিটির পদ-পদবি নিয়ে কয়েকজন নেতাকর্মী ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সভাস্থলে হট্টগোল শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতারা তাদের শান্ত করার চেষ্টা চালান। উদ্ভূত পরিস্থিতিতে সভার কার্যক্রম সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন শুরু করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে নেত্রকোনা জেলা শাখার ৬৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন পায়। এতে আগের কমিটির মতো এবারও ইফতেখার শামীমকে আহ্বায়ক এবং তারিক জামিল ফয়েজীকে সদস্য সচিব করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, জেলা কমিটির সাবেক সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান, নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক ইফতেখার শামীম ও সদস্য সচিব তারিক জামিল ফয়েজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। হট্টগোলের বিষয়ে জানতে চাইলে তারিক জামিল ফয়েজী বলেন, ‘নতুন কমিটি হয়েছে। এতে অনেকেই বাদ পড়েছেন। এ কারণে শুরুতে একটু উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
























