১৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার কাভান সুলিভানকে দলে ভেড়ানোর জন্য পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বার্সেলোনা। তবে, সুলিভান ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির সঙ্গে একটি প্রাক-চুক্তি সম্পন্ন করেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডারের ওপর কড়া নজর রাখছে বার্সেলোনার স্পোর্টিং ডিপার্টমেন্ট। সিটির সঙ্গে তার সম্ভাব্য যোগদানের আগেই তাকে কাতালুনিয়ায় নিয়ে আসার পথ খুঁজতে চায় ক্লাবটি।
সুলিভানের বয়স ১৮ বছর পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ম্যানচেস্টার সিটি আগাম চুক্তি সম্পন্ন করার আগে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি, লিভারপুল ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মতো ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল।
বর্তমানে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মাবলি লঙ্ঘনের ১১৫টি অভিযোগ রয়েছে, যার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। যদিও এখনই কোনো শাস্তি নির্ধারিত হয়নি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সিটির ক্রীড়া পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।
সুলিভানের প্রতিনিধিরা জানিয়েছেন যে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তাদের বক্তব্য অনুযায়ী, তারা ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বাতিল করছেন না, তবে অনিশ্চয়তার একটি দিক খোলা রয়েছে। বার্সেলোনা এই বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং তাদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো তরুণ প্রতিভা খুঁজে বের করার ওপর জোর দিচ্ছেন।
























