গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার দাঁড়াইল এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ অভিযানের মাধ্যমে প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন খোকনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখলে রয়েছেন এবং নিয়মিত চাষাবাদ করে আসছেন। তবে একই জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে তাদের দাবি। এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলার পর থেকে তাদের ওপর বিভিন্নভাবে চাপ ও হুমকি প্রদর্শন করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারটির দাবি, কয়েকদিন আগে মোবাইল ফোনের একটি অডিও রেকর্ডিংকে কেন্দ্র করে তাদের সদস্য মোহন ও তার স্বজন নিবাসকে মারধর করা হয়। সোমবার সন্ধ্যায় হামলার সময় মনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে মোহনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়।
হামলায় মোহন (৪৬), তার স্ত্রী বৃষ্টি, ছেলে বিজয় (১৪), ভাতিজি চায়না (২২) সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে বাধা দেয়।
মনোয়ার হোসেন খোকন গ্রেপ্তারের আগে অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
























