নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিনিধি দলের সদস্যরা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করার বিষয়ে সরকারের সদিচ্ছা আছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। গত মঙ্গলবার নিরাপত্তা চেয়ে তিনি কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন বুধবার দিবাগত রাতে তাঁর পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু বলেন, পরিদর্শনে এসে তাঁরা বাড়িটিতে বসবাসের বিভিন্ন আলামত দেখেছেন। সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের চিহ্ন এবং শিশুদের পড়াশোনার বইপত্র রয়েছে। তাঁর দাবি, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করতেন। অথচ বাড়িটিকে পরিত্যক্ত বলা হচ্ছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তাঁরা প্রত্যাশিত সহমর্মিতা দেখতে পাননি। বরং ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া এবং ছাত্রলীগকে দায়মুক্ত করার চেষ্টা হচ্ছে বলে তাঁদের মনে হয়েছে।
মাহমুদা মিতুর দাবি, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে।
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ আবারও জানমালের নিরাপত্তাহীনতায় পড়বে, এমনটি তাঁরা ভাবেননি। তিনি বলেন, এসব ঘটনার পরও সরকার কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, "আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি।" তিনি বলেন, থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলেন।
নুসরাত তাবাসসুম আরও বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বের করা উচিত। কিন্তু ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পরিবর্তে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না এসব বিষয়ে আলোচনা করা হচ্ছে। তিনি এ ধরনের আলোচনার নিন্দা জানান।
তিনি তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে সিদ্ধান্তমূলক বক্তব্য দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, "এ ধরনের বক্তব্যের আমি বিরোধিতা করছি।"
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর) গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।






















