অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের প্রেমের সম্পর্ক দীর্ঘ ১৩ বছরের। তবে বিয়ের পরিকল্পনা ছিল না কখনোই। সম্প্রতি ক্যান্সার ধরা পড়ার পর হিনা প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নেন। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে।
হিনা খান সম্প্রতি ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের বিয়ের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, তাদের বিয়ের সিদ্ধান্ত ছিল আকস্মিক এবং এর জন্য কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। অসুস্থতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
হিনা বলেন, রকির সঙ্গে তার সম্পর্কের সময়কাল ১৩-১৪ বছর। ক্যানসার ধরা পড়ার পর তিনি রকিকে দুটি পথ খোলার কথা বলেন—অন্য কাউকে বিয়ে করা অথবা তাকেই বিয়ে করা। অবশেষে রকি হিনাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখে স্মৃতিচারণা করেন হিনা। সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল কি না। হিনা জানান, সময়টা ১৫ মিনিটেরও কম ছিল।
২০২৪ সালে হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার মধ্যেই ২০২৫ সালের জুনে মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।
























