পর্যটকদের জন্য সুখবর! আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতে চালু হচ্ছে তিনটি পর্যটকবাহী জাহাজ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজগুলো চলাচলের অনুমতি দিয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট ছেড়ে যাবে জাহাজগুলো। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদন পাওয়া তিনটি জাহাজ হলো- এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জাহাজ তিনটিতে মোট দুই হাজার ২৯৮ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে।
জাহাজ মালিকেরা জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ তিনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। এমভি টেকনাফের সেন্টমার্টিনে পৌঁছানোর নির্ধারিত সময় বেলা সাড়ে ৩টা। উল্লেখ্য, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে।


























