চিত্রনায়িকা শামসুন্নাহার বেগম (পরীমনি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে তিনি পোস্টে ‘শহিদ ভাই’-এর শেখানো একটি কথা উল্লেখ করেন, তবে কাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন, তা পরিষ্কার করেননি।
পোস্টে তিনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের…’। এরপর তিনি প্রশ্ন করেন, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না?’ পোস্টটির মাধ্যমে কাদের উদ্দেশে বার্তা দিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান শামসুন্নাহার বেগম (পরীমনি)। আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও উপস্থিত লোকজনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা এবং হট্টগোলের ঘটনা আলোচনার জন্ম দেয়।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় তার বিরুদ্ধে জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি, যা ৫০০ টাকা মুচলেকায় মঞ্জুর হয়।
আদালত থেকে বের হওয়ার সময় শামসুন্নাহার বেগমের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় এক সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়।























