রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা মো. শাহজাহান জানান, রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুরে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এছাড়া, একই রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স ও কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
























