নীলফামারীর ডোমারে স্ত্রীর পরকীয়া সম্পর্কের সন্দেহে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে এক যুবককে ডেকে এনে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্বামী। বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. মাসুদ রানা (২৮)। তিনি ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং পেশায় ট্রাক্টরচালক। মাসুদ উপজেলার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার মো. খোকার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সাথে মাসুদের প্রায় ছয় মাস ধরে যোগাযোগ ছিল। স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোন নিয়ে মাসুদকে মেসেজে দেখা করতে বলেন তার স্বামী। মাসুদ বাজার থেকে সন্দেশ কিনে নির্ধারিত স্থানে হাজির হন, যেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন গৃহবধূর স্বামী ও স্থানীয় লোকজন।
এদিকে, গৃহবধূ পরকীয়া সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, মাসুদের সাথে যোগাযোগ থাকলেও তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না।
স্থানীয় বাসিন্দারা জানান, মাসুদ প্রায়ই ওই এলাকায় যাতায়াত করতেন। বুধবার রাতে আটকের ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। ডোমার থানার উপপরিদর্শক (এসআই) গোপাল জানিয়েছেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি এবং মাসুদ পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























