ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও হামলার অভিযোগে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
আজ রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে তিনি নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে বলেন, তারা নির্বাচনে সন্তুষ্টির দাবি করছে।
এটিএম আজহার বিএনপিকে জাতির জন্য আপদ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে জনগণের বিপদ বাড়ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে জনগণকে ধোঁকা দিচ্ছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, প্রশাসনের সহযোগিতায় বিএনপি ভোট চুরি করেছে এবং ফলাফলে অসঙ্গতি রয়েছে। তিনি দাবি করেন, দুপুর দুইটা পর্যন্ত ৩৮ শতাংশ ভোট পড়লেও, ফলাফল ঘোষণায় ৬৪ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়েছে।
সমাবেশে জামায়াতের উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সভাপতিত্ব করেন এবং দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি পরিচালনা করেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন হয়ে বিজয়নগর পর্যন্ত মিছিল করেন কয়েক হাজার জামায়াত নেতাকর্মী।



















