রাষ্ট্র পরিচালনার কাঠামো সংস্কার ও শরিয়াহভিত্তিক পরিবর্তন না আনলে অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, চলমান সংকটের টেকসই সমাধান শুধুমাত্র অর্থনৈতিক নীতি বা সাময়িক পদক্ষেপের মাধ্যমে সম্ভব নয়। রাষ্ট্রের দুর্বলতা, দুর্নীতি, চাঁদাবাজি ও জবাবদিহির অভাব দূর না হলে উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবায় নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার কাঠামো দুর্বল হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা তৈরি হয়। এ কারণে অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ে এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ আতিকুর রহমান মুজাহিদ বলেন, মানুষের প্রত্যাশা ছিল একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কিন্তু এখনো সমাজে সহিংসতা ও অপরাধের ঘটনা ঘটছে। তিনি শরিয়াহভিত্তিক পরিচ্ছন্ন রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতৃবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম।

























