জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের আমলে যেসব খেলার মাঠ ও প্রতিষ্ঠান দলীয় লোকজনের নিয়ন্ত্রণে ছিল, এখন সেগুলোর অনেক জায়গায় বিএনপির লোকজন প্রভাব বিস্তার করছেন।
তিনি সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশে রাজনৈতিক প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠান ও প্রশাসনসহ বিভিন্ন খাতে কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি।
নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকতে পারে, তবে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রাতিষ্ঠানিক আচরণ করতে হবে। তিনি বর্তমান সময়ে খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বেড়েছে।
তিনি অভিযোগ করেন, খেলার মাঠের অভাবে অনেক শিশু খেলাধুলার সুযোগ পাচ্ছে না এবং দখল ও দলীয় প্রভাবের কারণে মাঠগুলো ব্যবহার করা যাচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করা জরুরি।
এ সময় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে এনসিপির সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি দলের অধীন কোনো সংগঠন নয়, বরং স্বাধীনভাবে কাজ করবে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার প্রত্যাশা জানিয়ে নাহিদ বলেন, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়াঙ্গনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

























