নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসান রাফিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জাহিদ হাসান রাফি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের যুবলীগ নেতা মো. নওশাদ আলী ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য।
জাহিদ হাসান রাফিকে ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিতের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, বুধবার রাতে জাহিদ হাসান রাফিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
























