সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ডিগ্রি কলেজে ছয়টি পদে নিয়োগের বিষয়ে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষাপটে কলেজের অধ্যক্ষ শাহেদ আলী শেখ সাংবাদিকদের সঙ্গে লিয়াজো করার প্রস্তাব দিয়েছেন।
অধ্যক্ষ বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া প্রতিষ্ঠান প্রধানদের সম্মান রক্ষা করা সম্ভব নয়। তিনি জানান, কলেজে ছয়টি কিংবা পাঁচটি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে পারেননি।
অভিযোগপত্রে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক কর্মচারী দাবি করেছেন, গোপনীয়ভাবে ছয়টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সিরাজগঞ্জের একটি স্থানীয় পত্রিকায় অর্থের বিনিময়ে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অভিযোগকারীরা দাবি করেছেন, কলেজের সভাপতির নেতৃত্বে এক কোটি টাকার বেশি অর্থের অনিয়মের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার চেষ্টা চলছে। এক শিক্ষক জানান, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অধ্যক্ষের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা আশঙ্কা করছেন, নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকলে এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। তারা বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করার দাবি জানিয়েছেন।

























