নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন একটি কূপে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ নামের কূপটিতে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার দুপুরে সুন্দলপুর সাউথ-১-এর একটি কূপের পাইপের মুখে আগুন জ্বালিয়ে পরীক্ষামূলকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। কূপের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ড্রিলিং স্ট্রিম টেস্ট (ডিএসটি) পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো বলেন, কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা জানা যাবে। গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষার পর জানা সম্ভব হবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কূপটি থেকে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে আগামী ২০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে। তবে এসব বিষয়ে নিশ্চিত হতে আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
বাপেক্স সূত্র জানায়, বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩,২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহ পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কূপটির বিষয়ে আরো নির্ভুল তথ্য জানানো সম্ভব হবে।
এদিকে, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়ার খবরে বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নোয়াখালীতে নতুন নতুন কূপ খনন করে গ্যাসের সন্ধান পাওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।























