ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
আখতারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান, বয়স, অসুস্থতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে।
গত ২ অক্টোবর আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

























