সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাছের মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। এ সময় রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, প্রায় ২৬ মণ (১ হাজার ৪০ কেজি) নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে আনা হয়েছিল এবং এর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ। এটি জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করে এবং দেশীয় মাছের বংশবিস্তার ও অস্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ।





















