ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার কাকপাথারের বাসিন্দা যুগমায়া দত্তের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এই তরুণীর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্তের জন্য তার মুঠোফোন জব্দ করেছে।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে যুগমায়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি লাইফস্টাইল ভ্লগ ও ট্রেন্ডিং রিল ভিডিওর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। তার হাসিখুশি উপস্থিতি ও সাবলীল উপস্থাপনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
যুগমায়া দত্ত দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করছিলেন। জানা গেছে, কিছুদিন আগে তিনি বাপের বাড়ি গিয়েছিলেন এবং ফেরার সময় মাকে বলেছিলেন, দ্রুত আবারও যাবেন। তবে মৃত্যুর সময় টাকা-পয়সা সংক্রান্ত কোনো আলোচনা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। অনেকেই আত্মঘাতী হওয়ার দাবি করেছেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার বাবার পরিবারের দাবি, দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো অশান্তি ছিল না।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ফোনের তথ্য পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার আশা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এই তরুণ কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে তার অনুসারীরা শোক প্রকাশ করছেন।


























