রাজধানীর মেট্রোরেলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন উদ্যোগ গ্রহণ করেছে। মেট্রোরেলের স্টেশনগুলোতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং লাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য হলো অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা প্রতিরোধ করা এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল সুনির্দিষ্টভাবে তল্লাশি করা।
নিরাপত্তাসংক্রান্ত যন্ত্রপাতি সংগ্রহের জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিক অনলাইন দরপত্র আহ্বান করা হয়েছে। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এই ই-দরপত্র আহ্বান করেন।
বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দরপত্রসংক্রান্ত বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং কর্তৃপক্ষের নির্দিষ্ট হেল্পডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া, এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের সুবিধার্থে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি অন্তর্ভুক্ত থাকবে।























