যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে বিপুল অর্থ ব্যয় করেও ব্যর্থ হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ওপেন সিক্রেটসের তথ্য অনুযায়ী, তিনি এই নির্বাচনে প্রায় ৪৫৫ মিলিয়ন ডলার খরচ করেছেন।
বিশেষ করে টেক্সাসের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের প্রচারণায় একাই ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করেন মাস্ক। তবে প্যাক্সটন ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে পরাজিত হন। মাস্ক সম্প্রতি তার বাসস্থান ও ব্যবসায়িক স্বার্থ টেক্সাসে স্থানান্তর করেছিলেন।
জেমস ট্যালারিকো বিজয়ী হওয়ার পর ভোটারদের উদ্দেশে বলেন, “আমরা এই রাজ্য ও দেশের প্রতিটি বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার এবং এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার রক্ষকদের পরিষ্কার বার্তা দিয়েছি যে—ক্ষমতা কেবল জনগণের।”
মাস্কের রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগ নির্বাচনে ফলাফল পরিবর্তন করতে পারেনি। ভোটের ফল প্রকাশের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন, যেখানে লেখেন, “মনে হচ্ছে নির্বাচনে হস্তক্ষেপকারী আমার স্পেস লেজারগুলো এবার আর কাজ করেনি।”


























