ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে। বুধবার নাজাফে জানাজা শেষে কফিন পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তার সম্মানে সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।
বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহগুলো কারবালায় নেওয়া হবে। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচিতে লাখো ইরাকি অংশ নেবেন। খামেনি ইরাকে একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং দেশটির বিপুলসংখ্যক শিয়া মুসলমানের কাছে তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। এ সময় খামেনির পরিবারের অন্যান্য সদস্যদের জানাজাও অনুষ্ঠিত হয়।
কর্মসূচি অনুযায়ী, বুধবার মরদেহ নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।























