নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকটের কারণে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এবং ২০২২ সালের ২০ জানুয়ারি সরকারি করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
বিদ্যালয়ে ২২টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৯ শিক্ষক। ফলে অর্ধেকেরও বেশি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি বছরের আগস্ট মাসে অবসরে যাচ্ছেন, যা শিক্ষক সংকটকে আরও প্রকট করবে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে বিজ্ঞান, ইংরেজি, জীববিজ্ঞান, ক্রীড়া এবং হিন্দু ধর্ম বিষয়ে কোনো স্থায়ী শিক্ষক নেই। বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফরিদ উদ্দিন রিকাবদার জানান, শিক্ষক সংকটের কারণে কর্মরত শিক্ষকদের একাধিক ক্লাস নিতে হচ্ছে এবং নিজ বিষয়ের বাইরে অন্য বিষয়ও পড়াতে হচ্ছে। তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শূন্য পদগুলোতে অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন জানান, শিক্ষক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মনজুর এলাহীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।























