সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় অনিয়মের প্রতিবাদ করায় এক স্থানীয় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। অভিযোগের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী সাংবাদিক শিহাব মিয়া জাতীয় দৈনিক ‘এদিন’ পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি। তিনি শুক্রবার (১০ জুলাই) মধ্যনগর থানায় নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জুন উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে ১ হাজার ৮৯০ জন কৃষকের তালিকা প্রকাশ করা হয়, যেখানে অনিয়মের অভিযোগ ওঠে।
সাংবাদিক শিহাব মিয়া তার ইউনিয়নের ২৪ জন অকৃষক ও সচ্ছল ব্যক্তির নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আপত্তি জানান। তালিকায় যুবদল নেতা মো. সাদ্দাম মিয়ার পরিবারের সদস্যদের নামও অন্তর্ভুক্ত ছিল। প্রশাসন ওই নামগুলো স্থগিত করে প্রকৃত কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ শুরু করে।
এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে সাদ্দাম মিয়া সাংবাদিক শিহাবকে ফোন করে স্থানীয় দোকানে ডাকেন এবং অভিযোগের কৈফিয়ত চান। শিহাব দোকানে যেতে অপারগতা জানালে সাদ্দাম তাকে হুমকি দেন। শিহাব বলেন, তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যুবদল নেতা সাদ্দাম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিক ক্ষমতাবলে হুমকি দেননি, বরং আবেগের বশে কিছু কথা বলেছেন। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় একটি জিডি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।























