প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইনজীবীদের প্রতি বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপন করতে আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার (২০ জুলাই) বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের উচিত তাদের হাতে নেওয়া মামলার প্রতি কমিটমেন্ট থাকা। তিনি উল্লেখ করেন, বিচারপ্রার্থী আইনজীবীদের প্রফেশনালি মামলায় যুক্ত করেছেন, তাই তাদের কর্তব্য পালনে বাধ্য। তিনি বলেন, "বিচার করবেন বিচারপতিরা। আপনি (আইনজীবী) তার মামলাটা প্রপারলি কোর্টে প্রেজেন্ট করেন। হার-জিত অন্য বিষয়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার মো. কায়সার কামাল বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের মধ্যে দেশের গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা এবং মৌলিক অধিকার রক্ষার জন্য একটি আকুতি ছিল। তিনি রাজনৈতিক প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার চূড়ায় পৌঁছেছেন। তিনি ছয়বার এমপি, শিক্ষামন্ত্রী, স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হক, সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব জয়নুল আবেদীন (এমপি) এবং ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল)। স্মৃতিচারণ শেষে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

























