দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন এক যুবক। এ ঘটনায় অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে র্যাব-১০-এর কেরানীগঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির ল অ্যান্ড মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) এবং মো. অপু মীর (৩৫)।
র্যাব জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা মো. সুন্দর আলী (৪৬) গত ১৯ জুলাই বিকেলে পাত্রী দেখতে যাওয়ার সময় ধর্মশুর এলাকায় পৌঁছালে কুদ্দুসের নেতৃত্বে চারজন তার অটোরিকশার গতিরোধ করে। এরপর তাকে মারধর করে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।
অপহরণকারীরা সুন্দর আলীর পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করিয়ে টাকা পাঠাতে চাপ সৃষ্টি করে। পরে ভুক্তভোগীর স্বজনরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
২০ জুলাই দুপুরে র্যাব অভিযান চালিয়ে সুন্দর আলীকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। সংবাদ ব্রিফিংয়ে র্যাবের ল-অফিসার সোনালী সেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
























