বাংলাদেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে (২০২৬) তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। প্রতিষ্ঠানটি টেকসই নেট-জিরো উদ্যোগ, জ্বালানি দক্ষতা, পরিবেশবান্ধব উৎপাদন এবং জলবায়ু সুরক্ষায় অবদানের জন্য এই সম্মাননা অর্জন করে।
‘সাশ্রয়ী ও ক্লিন এনার্জি’ ক্যাটাগরিতে ওয়ালটন ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছে। এছাড়া ‘জলবায়ু ও পরিবেশ’ ক্যাটাগরিতে এবং ‘বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতেও পুরস্কার অর্জন করেছে। গত বছরও প্রতিষ্ঠানটি একই অ্যাওয়ার্ডের তৃতীয় আসরে তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ অন্যান্য কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ইউসুফ আলী বলেন, ওয়ালটন পরিবার এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সরকারের বিদ্যুৎ ও জ্বালানি নীতির আলোকে ওয়ালটনের পরিবেশবান্ধব নীতি অনুসরণের কথা উল্লেখ করেন।
তিনি জানান, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া শিল্পপ্রক্রিয়ায় পানি সাশ্রয় ও পুনঃব্যবহারের লক্ষ্যে ইটিপির মাধ্যমে পরিশোধিত পানির প্রায় ৭৫ শতাংশ পুনর্ব্যবহার করা হচ্ছে।
সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের আসরে ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে, যার মধ্যে ওয়ালটনসহ ৫৯টি টেকসই উদ্যোগকে পুরস্কৃত করা হয়।
























