সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়। দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলার কথা রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে। এর প্রেক্ষিতে, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে মোজাফফরকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
প্রসিকিউশন জানায়, মোজাফফরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যার কারণে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। এই প্রেক্ষাপটে তাকে বৃহস্পতিবার হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়।
গত ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। উল্লেখ্য, ৪৫ বছর পর ১৫ জুলাই রাতে ঢাকার বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাফফরকে গ্রেপ্তার করে।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। পরে সামরিক আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হয় এবং কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়, যার মধ্যে মোজাফফরও ছিলেন।
























