ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় একই যুবককে তিন তরুণীর বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা দেখা গেলেও মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে জানার কথা অস্বীকার করেছে। ঘটনাটি ঘিরে আইনি ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক যুবককে ঘিরে তিন নারী হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরছেন। পরে ওই যুবক তিনজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। তিন নারীর নাম সরোজ, সাবিত্রী ও সন্তোষ। তারা আমরোহা জেলার ধোরিয়া গ্রামের বাসিন্দা।
যুবকের নাম বিকাশ, যিনি ‘ভিক্কু’ নামেও পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ওই তিন নারীর সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ধারণ করতেন এবং বিভিন্ন ভিডিওতে তাদের অনস্ক্রিন স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। ভিডিও প্রকাশের পর চারজনই দাবি করেন, বিয়েটি বাস্তব এবং এটি কোনো কনটেন্ট তৈরির অংশ নয়।
তিন নারী জানান, তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছেন এবং আলাদা হয়ে যেতে চাননি। পরিবারের পক্ষ থেকে তাদের আলাদা আলাদা পাত্রের সঙ্গে বিয়ের উদ্যোগ নেওয়া হলে তারা একসঙ্গে বিকাশকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাদের দাবি, সবাই প্রাপ্তবয়স্ক এবং পারস্পরিক সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিডিওটি হাসানপুরের মা চামুণ্ডা মন্দিরে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো তথ্য জানার কথা অস্বীকার করেছে। তারা জানান, ওই সময় মন্দিরে সংস্কারকাজ চলছিল এবং সেখানে কোনো পুরোহিত বা কর্মচারী উপস্থিত ছিলেন না।
ভারতের হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী, জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় পুনরায় বিয়ে বৈধ নয়। আইন অনুযায়ী একজন হিন্দু পুরুষ একাধিক নারীকে একসঙ্গে বৈধভাবে বিয়ে করতে পারেন না। এ ধরনের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর দ্বিবিবাহসংক্রান্ত বিধানও প্রযোজ্য হতে পারে।
























