২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল লিওনেল মেসিকে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নিজ শহর রোজারিওতে। শনিবার তিনি আরোয়ো সেকোর আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের একটি ম্যাচ দেখতে যান।
এই স্টেডিয়াম রোজারিওর কাছে অবস্থিত। ম্যাচটি ছিল তার পরিবার পরিচালিত ক্লাব লিওনেস এফসি এবং সেন্ট্রাল কোর্দোবার মধ্যে। কালো হুডি পরে নিজেকে আড়াল রাখার চেষ্টা করলেও, মেসিকে দ্রুত চিনে ফেলেন সমর্থকরা। তিনি গোলপোস্টের পেছনের একটি ব্যালকনি থেকে ম্যাচ দেখছিলেন।
৩৯ বছর বয়সী মেসি হাসিমুখে হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানান। শিশু এবং সমর্থকরা তার নাম ধরে চিৎকার করে এবং উপস্থিত সবাই তাকে উষ্ণ করতালিতে স্বাগত জানান।
তবে মাঠের খেলায় লিওনেসের জন্য উদযাপনের তেমন কিছু ছিল না। সেন্ট্রাল কোর্দোবার কাছে ২-০ গোলে হেরে যায় লিওনেস, ফলে তারা জোন বি-তে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে যায়।
বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার পর মেসি রোজারিওতে ফিরে যান। ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে হেরেছিল। ক্লাব ফুটবলে কবে ফিরবেন, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ক্লাবের প্রধান কোচ গিয়ের্মো হোয়োস বলেছেন, মেসির ফেরার ‘কোনো নির্দিষ্ট তারিখ নেই’।”
























