নওগাঁর বদলগাছী ও আত্রাই উপজেলা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুরে বদলগাছীতে খালের পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু হয়। একই দিন সকালে আত্রাইয়ে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পানিতে ডুবে মৃতদের মধ্যে রয়েছেন নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। মাত্র ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নুর ইসলাম স্ত্রীকে নিয়ে বদলগাছীর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খালে গোসল করতে নামেন তিনি। এ সময় পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে সুমাইয়াও পানিতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, হাসপাতালে আনার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছিল। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, আত্রাই থেকে উদ্ধার হওয়া যুবকের নাম লিমন হাসান (২৮)। তিনি উপজেলার বান্দাইখাড়া সরদার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, শনিবার রাতে লিমন হাসান নিজ কক্ষে ঘুমাতে যান এবং সকালে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
























