ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুক লাইভে স্থানীয় সংসদ সদস্যের সমালোচনা করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদ খোকনকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর রাজবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের একটি অংশ এ হামলায় জড়িত। তবে বিএনপি নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। আসাদ খোকন নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা এবং এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জেলা শহর থেকে ‘ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদর’ সংগঠনের উদ্যোগে হরিপুর রাজবাড়িতে নৌকাভ্রমণ ও বনভোজনের আয়োজন করা হয়। এতে আসাদ খোকনসহ বিভিন্ন ব্যক্তি অংশ নেন। দুপুর ২টার দিকে তিতাস নদীতে গোসল করার সময় ২০ থেকে ৩০ জনের একটি দল তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
হামলার পর আসাদ খোকনকে রাজবাড়ির ভেতরে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। এনসিপির নেতা সুফিয়ান আজাদ তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনিও আঘাত পান। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের কারণে আসাদ অচেতন হয়ে পড়েন। পরে হামলাকারীরা তাকে নাসিরনগর সদরে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নৌকাভ্রমণ ও বনভোজনের আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাবের হোসাইন অভিযোগ করেন, আসাদ খোকন সামাজিক যোগাযোগমাধ্যমে এম এ হান্নান ও সরকারের সমালোচনা করতেন। তবে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, আসাদ খোকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে স্থানীয় কিছু মানুষের মধ্যে ক্ষোভ ছিল। তবে মারধরের শিকার হলেও আসাদ খোকন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেননি।























